বায়তুল মোকাররমের খতিব মুফতী আব্দুল মালেক বলেছেন, দেশে বসবাসরত অমুসলিমদের ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে কোনো মুসলমান উদারতার নামে পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক মনে করে সমর্থন করলে তার ঈমান থাকবে না।

সম্প্রতি জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

বয়ানে ইসলামের মূল ভিত্তি তাওহীদের গুরুত্ব তুলে ধরে মুফতী আব্দুল মালেক বলেন, ইসলামের মূল শিক্ষা হলো এক আল্লাহর ইবাদত করা। তাওহীদে বিশ্বাসীদের অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। তবে শিরককে তিনি অত্যন্ত গুরুতর পাপ হিসেবে উল্লেখ করেন। মানবজাতিকে শিরক থেকে বিরত রেখে তাওহীদের পথে পরিচালিত করতেই যুগে যুগে নবী-রাসূলদের পাঠানো হয়েছে।

অমুসলিমদের ধর্মীয় অধিকার প্রসঙ্গে তিনি বলেন, দেশে অন্যান্য ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। তারা যেন নিরাপদে নিজেদের পূজা ও ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তবে ধর্মীয় বিশ্বাসের প্রশ্নে আপস না করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, কোনো মুসলমান যদি উদারতা বা নমনীয়তার নামে পূজায় অংশ নেন কিংবা পূজাকে সঠিক পথ হিসেবে স্বীকৃতি দেন ও সমর্থন করেন, তাহলে তার ঈমানের বিষয়টি গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ধর্মীয় বিশ্বাসকে আকিদাগতভাবে সমর্থন করা এক বিষয় নয়।

বয়ানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর তায়েফের ঘটনার উল্লেখ করে মুফতী আব্দুল মালেক বলেন, চরম নির্যাতন ও রক্তাক্ত হওয়ার পরও রাসূলুল্লাহ (সা.) নির্যাতনকারীদের ধ্বংস কামনা করেননি। বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের হেদায়াতের আশায় তিনি তাদের জন্য কল্যাণ কামনা করেছিলেন। তারা ঈমান না আনলেও ভবিষ্যৎ প্রজন্মের কেউ এক আল্লাহর ইবাদত করবে, এমন প্রত্যাশা ছিল তাঁর।

বয়ানের শেষ পর্যায়ে মুসলমানদের নিজ ধর্মের মৌলিক আকিদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি সমাজে শৃঙ্খলা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান বায়তুল মোকাররমের খতিব।