স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা একজন দণ্ডিত ও পলাতক আসামি। তাঁর পাসপোর্ট কিংবা এনআইডি সংক্রান্ত কোনো নতুন আবেদনের আনুষ্ঠানিক খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানা নেই। সরকারের অগ্রাধিকার হলো আদালতের রায় অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা। এ লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বন্দি প্রত্যার্পণ চুক্তির আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফেরত আনার উদ্যোগ অব্যাহত থাকবে।

এর আগে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের একদল আইনজীবীর মাধ্যমে শেখ হাসিনার পক্ষ থেকে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন জমা দেওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।