কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। ফরিদা ইয়াসমিনের অভিযোগ, সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা তাকে এবং তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কুরুচিপূর্ণ ও অপ্রীতিকর মন্তব্য করেছেন। 

ফরিদা ইয়াসমিন বলেন, একজন সংসদ সদস্য হিসেবে প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ হিসেবে একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, জনপ্রতিনিধিদের আচার-আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন। সমাজের মানুষ জনপ্রতিনিধিদের আচরণ অনুসরণ করেন, তাই দায়িত্বশীল অবস্থানে থেকে কাউকে তাচ্ছিল্য বা অপমান করা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বিষয়টির বিচার তিনি দলের ওপর ছেড়ে দিয়েছেন। দল অনুমতি দিলে আইনি পদক্ষেপ হিসেবে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করবেন। 

এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কথিত কটূক্তির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া কোর্ট স্টেশন ও পাবলিক লাইব্রেরি এলাকা থেকে ঝাড়ু মিছিল বের করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। পরে ভেড়ামারাতেও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বিতর্কের সূত্রপাত সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে একটি অনুষ্ঠানে আমির হামজার বক্তব্য ঘিরে। সেখানে তিনি সংরক্ষিত নারী আসনের সাংবিধানিক গুরুত্ব এবং সরাসরি ভোটে নির্বাচিত না হওয়ার বিষয়টি তুলে ধরে ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে মন্তব্য করেন।

প্রকাশিত প্রতিবেদনে আমির হামজাকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি নিজের ১ লাখ ৮৩ হাজার ভোট পাওয়ার বিষয়টি উল্লেখ করে ফরিদা ইয়াসমিনের কোনো সরাসরি ভোট নেই বলে মন্তব্য করেন। একই সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের সাংবিধানিক গুরুত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ওই বক্তব্যে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আমির হামজা। বিশেষ করে সার ডিলার নিয়োগে স্থানীয় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে বিশেষ কোনো পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি করেন তিনি।