রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার কার্যক্রম পরিচালনা করছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। মামলাটিতে দুইটি অভিযোগ আনা হয়েছে। এর একটি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে এবং অপরটি ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে।
৩ সেপ্টেম্বরের শুনানিতে ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ জন্য বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়।
মামলার ১১ আসামি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। আগের শুনানিতে তাদের মধ্যে ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সাংবাদিক ফারজানা রূপা অসুস্থ থাকায় তখন তাকে হাজির করা হয়নি।
কারাবন্দি আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির ও মোজাম্মেল হক বাবু।
প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ঘটনাকে কেন্দ্র করে শাপলা চত্বর ও দেশের কয়েকটি স্থানে মোট ৫৮ জন নিহত হন বলে তদন্তে দাবি করা হয়েছে। এর মধ্যে শাপলা চত্বরে ৩২ জন এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ অন্যান্য এলাকায় আরও হতাহতের অভিযোগ রয়েছে।
পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সাবেক পুলিশ কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তির নাম রয়েছে।
