নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) দলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্দেশক্রমে নীলফামারী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিলুপ্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন মীর সেলিম ফারুক। সদস্যসচিব ছিলেন এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। তাদের নেতৃত্বাধীন কমিটিতে মোট ৩৩ জন সদস্য ছিলেন।
দলীয় বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে খুব শিগগির নীলফামারী জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
