বর্তমানে বেশি স্টোরেজের আইফোনের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ বাড়ছে। উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, এআই সুবিধা ও গেমিংয়ের পাশাপাশি ফোনের পারফরম্যান্স ঠিক রাখতে পর্যাপ্ত স্টোরেজও গুরুত্বপূর্ণ।

তবে দীর্ঘদিন ব্যবহারের পর ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমে আইফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও মুছে জায়গা খালি করা অনেকের কাছেই বিরক্তিকর। তবে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলে প্রিয় ছবি-ভিডিও না মুছেও স্টোরেজের চাপ কমানো সম্ভব।

১. কোন জিনিস কত জায়গা নিচ্ছে, আগে দেখুন

স্টোরেজ খালি করার আগে ফোনের কোন অ্যাপ বা ফাইল সবচেয়ে বেশি জায়গা দখল করছে, সেটি জানা জরুরি।

এ জন্য—

- Settings খুলুন

- General-এ যান

- iPhone Storage নির্বাচন করুন

- এরপর স্টোরেজের তালিকাটি দেখে নিন

এখানে বিভিন্ন অ্যাপ ও কনটেন্ট কতটুকু জায়গা ব্যবহার করছে, তার বিস্তারিত দেখা যাবে। এতে কোথা থেকে জায়গা খালি করা সহজ হবে তা বোঝা যাবে।

২. iCloud ব্যবহার করে ছবি-ভিডিওর জায়গা কমান

ছবি ও ভিডিও যদি স্টোরেজের বড় অংশ দখল করে থাকে, তাহলে iCloud Photos এবং Optimise iPhone Storage সুবিধা কাজে লাগানো যেতে পারে।

ফিচারটি চালু করতে—

Settings → আপনার নাম → iCloud → Photos → Sync this iPhone চালু করুন। এরপর Optimise iPhone Storage নির্বাচন করুন।

এতে পূর্ণ রেজোলিউশনের ছবি ও ভিডিও iCloud-এ রাখা থাকবে, আর আইফোনে তুলনামূলক কম জায়গা নেওয়া সংস্করণ সংরক্ষিত থাকবে। প্রয়োজন হলে মূল ছবিটি পরে ডাউনলোড করা যায়।

তবে মনে রাখতে হবে, অ্যাপল প্রতিটি অ্যাকাউন্টে বিনামূল্যে ৫ জিবি iCloud স্টোরেজ দেয়। বেশি জায়গার প্রয়োজন হলে অতিরিক্ত স্টোরেজের জন্য iCloud+ নিতে হতে পারে।

৩. একই ছবি বা ভিডিও খুঁজে সরিয়ে ফেলুন

AirDrop, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা বিভিন্ন অ্যাপ থেকে ছবি সংরক্ষণ করতে গিয়ে একই ছবি একাধিকবার ফোনে জমে যেতে পারে।

আইফোনের Photos অ্যাপে থাকা Duplicates বিভাগে গেলে একই ধরনের ডুপ্লিকেট ছবি বা ভিডিও শনাক্ত করা যায়। প্রয়োজন অনুযায়ী সেগুলো Merge করলে অপ্রয়োজনীয় কপি বাদ যাবে এবং স্টোরেজও কিছুটা খালি হবে।

৪. কম ব্যবহৃত অ্যাপ Offload করুন

অনেক অ্যাপ ইনস্টল করা থাকলেও সবগুলো নিয়মিত ব্যবহার করা হয় না। এসব অ্যাপ পুরোপুরি মুছে না ফেলে Offload App করা যেতে পারে।

এতে অ্যাপটি সরিয়ে তার ব্যবহৃত স্টোরেজ খালি করা হয়, কিন্তু সংশ্লিষ্ট ডকুমেন্ট ও ডেটা রাখা থাকে। পরে প্রয়োজন হলে হোম স্ক্রিনের অ্যাপ আইকনে ট্যাপ করে সেটি আবার ইনস্টল করা যায়।

৫. পুরোনো ফাইল ও বড় মিডিয়া সরান

স্টোরেজ খালি করতে Files অ্যাপে গিয়ে অপ্রয়োজনীয় পুরোনো ডকুমেন্ট, ডাউনলোড ও অন্যান্য ফাইল খুঁজে দেখা যেতে পারে।

একইভাবে WhatsApp, Telegram বা অন্যান্য মেসেজিং অ্যাপেও বড় ভিডিও, ছবি ও পুরোনো মিডিয়া জমে থাকতে পারে। প্রয়োজন নেই এমন ফাইল সরিয়ে দিলে অতিরিক্ত জায়গা পাওয়া সম্ভব।

নিয়মিত পরিষ্কার রাখুন স্টোরেজ

আইফোনে বারবার “iPhone Storage Almost Full” বার্তা দেখা দিলে একবারে অনেক ফাইল মুছে ফেলার বদলে নিয়মিত স্টোরেজ পর্যালোচনা করা ভালো। বিশেষ করে ডুপ্লিকেট ছবি, অব্যবহৃত অ্যাপ ও বড় অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে রাখলে ফোনের স্টোরেজ ব্যবস্থাপনা অনেক সহজ হয়।