ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, দেশের দীর্ঘদিনের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। সরকারের হাতে কোনো ‘আলাদিনের চেরাগ’ নেই উল্লেখ করে তিনি বলেন, পাহাড়সম সমস্যা কাটিয়ে উঠতে সময়ের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন। 

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিডি কমার্শিয়ালের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আব্দুস সালামের ভাষ্য, বর্তমান সরকার এমন সময়ে দায়িত্ব নিয়েছে যখন অর্থনীতি, জ্বালানি ও অন্যান্য খাতে নানা সমস্যা জমে ছিল। অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে অন্যান্য খাতেও স্থিতিশীলতা আনা কঠিন বলে মন্তব্য করেন তিনি। 

তিনি দাবি করেন, আগের সরকারের সময়ে দেশীয় গ্যাস উত্তোলনের পরিবর্তে আমদানির দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এবং ব্যাংক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি। 

বিদ্যুৎ ও গ্যাস সংকট পুরোপুরি দূর করা না গেলেও পরিস্থিতির উন্নয়নে চেষ্টা চলছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা আবার চালুর উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। 

একই অনুষ্ঠানে ডেঙ্গু নিয়েও কথা বলেন আব্দুস সালাম। তিনি মশার জন্মস্থান ধ্বংস, বাসাবাড়ি ও ছাদে জমে থাকা পানি অপসারণ এবং ড্রেন পরিষ্কার রাখতে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। 

সূত্র: আজকের পত্রিকা