রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের ভাষ্য, জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে।রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন।পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। এর সূত্র ধরে বংশাল এলাকা থেকে রায়হান উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।ডিবির দাবি, গ্রেপ্তার রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোডের একটি ভবনের পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসরণ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।সংবাদ সম্মেলনে মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের নির্দেশনায় জনমনে ভীতি তৈরির উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলোর সঙ্গে একই ধরনের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।