ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে সৌদি আরবের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক, মিসর ও পাকিস্তান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সৌদি আরব, তুরস্ক, মিসর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর দেওয়া এক যৌথ বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে অঞ্চলটির নৌপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। চার দেশ মনে করে, বিদ্যমান সংকটগুলোর টেকসই সমাধানের একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি।
ইয়েমেনের পরিস্থিতিও বৈঠকে গুরুত্ব পায়। দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে চার দেশের এই বৈঠক ও যৌথ বিবৃতি এলো। এতে আঞ্চলিক নিরাপত্তা, নৌ চলাচলের সুরক্ষা এবং সংঘাতের কূটনৈতিক সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স

