রাষ্ট্রদ্রোহের মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর রাতে ফেসবুকের একটি আইডি থেকে ‘আ.লীগ নেতার সঙ্গে ওসির বৈঠক’ শিরোনামে একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মামলার বাদী অডিওটি যাচাই-বাছাই করে সেখানে রাকিবুল হাসানের বক্তব্য ও কণ্ঠস্বর রয়েছে বলে প্রতীয়মান হওয়ার দাবি করেন।
পুলিশের আবেদনে বলা হয়েছে, ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ, পুলিশ ও সেনাবাহিনীর ভূমিকা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে। অডিওতে সেনাবাহিনীকে ‘নিউট্রাল’ থাকার কথা বলা হয়েছে বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি পুলিশ ও ওসি পদে বদলি-পদায়ন, অর্থ লেনদেন এবং পুলিশের বিভিন্ন প্রতিষ্ঠান ও তহবিল নিয়েও বক্তব্য থাকার কথা বলা হয়েছে।
রিমান্ড আবেদনে আরও দাবি করা হয়, অডিওতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিষয়ে উসকানি, উত্তেজনা সৃষ্টি ও প্ররোচনার তথ্য রয়েছে। এর ফলে দেশে দাঙ্গা-হাঙ্গামার পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল বলে পুলিশ আদালতকে জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাকিবুলের কথিত বক্তব্যে সরকারি কর্মচারী থাকা অবস্থায় সরকারের সমালোচনা, রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট, সরকার পতনের ষড়যন্ত্র এবং সরকারের প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন বাহিনী সম্পর্কে অবজ্ঞা, বিদ্বেষ ও ঘৃণা প্রকাশ করা হয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়, অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রাকিবুলের সঙ্গে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের যোগসাজশ রয়েছে কি না এবং তাদের পরিচয় শনাক্ত করা প্রয়োজন বলে পুলিশ উল্লেখ করেছে। অডিওটির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি অপরাপর আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য রাকিবুলকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও রিমান্ড আবেদনে জানানো হয়।
মামলায় দণ্ডবিধির ১২৪-ক ও ১৫৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলা দায়েরের আগে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি চাওয়া হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে মামলাটি করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। তখন তিনি অডিওটি নিজের নয় বলে দাবি করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।
এখন আদালতের আদেশ অনুযায়ী পাঁচ দিনের রিমান্ডে নিয়ে সাবেক ওসি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

