জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলে আক্রমণ করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছে তুরস্ক। আঙ্কারা বলেছে, ভিত্তিহীন অভিযোগ তুলে এরদোয়ানকে আক্রমণ করেছেন নেতানিয়াহু।
তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর দেওয়া বক্তব্য জাতিসংঘের প্রতিনিধিত্ব করা শান্তি, আইন ও সংলাপের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্ক ও এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন দুরান। তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
দুরান আরও বলেন, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এরপরও জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে তিনি এরদোয়ানকে আক্রমণ করেছেন বলে অভিযোগ করেন তুরস্কের এই কর্মকর্তা।
তার দাবি, এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর বক্তব্য গাজায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগ, সৃষ্ট মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইনের আওতায় চলমান বিচারিক প্রক্রিয়াকে আড়াল করতে পারবে না।
দুরান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ও এসব বিষয় পর্যবেক্ষণ করছে। তার ভাষ্য, নেতানিয়াহু আগের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি বিচ্ছিন্ন।
তিনি বলেন, এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ফিলিস্তিনিসহ নিপীড়িত মানুষের অধিকার, আরও ন্যায়সংগত বিশ্ব এবং শান্তির পক্ষে অবস্থান অব্যাহত রাখবে। একই সঙ্গে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধেও তুরস্কের অবস্থান অব্যাহত থাকবে।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলে আক্রমণ করেন নেতানিয়াহু। একই সঙ্গে তুরস্ক ইরান-সমর্থিত হামাসকে সমর্থন করছে বলেও অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
তুরস্কের পক্ষ থেকে নেতানিয়াহুর এসব বক্তব্য প্রত্যাখ্যান করে এরদোয়ানকে লক্ষ্য করে করা মন্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

