পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ তল্লাশি চৌকিতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার সড়কপাশের একটি পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী চেকপোস্টটিতে হামলা চালায়।

প্রাদেশিক জরুরি সেবার পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারী। বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতা ও জঙ্গি হামলা বেড়েছে। পাকিস্তানে সাম্প্রতিক জঙ্গি হামলার জন্য প্রধানত টিটিপি এবং বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়।

পাকিস্তান সরকার ও কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, আফগান ভূখণ্ড ব্যবহার করে দেশটিতে হামলা চালাচ্ছে জঙ্গিরা। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে। এতে আফগান তালেবানের কয়েকজন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়, যা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়েছে।

ডেরা ইসমাইল খান জেলা দক্ষিণ ওয়াজিরিস্তানের কাছাকাছি হওয়ায় এলাকাটি দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার ঝুঁকিতে রয়েছে। এর আগেও এ অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: এপি