তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, অনিবন্ধিত অনলাইনে নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদমাধ্যমের নামে পরিচালিত বিভিন্ন পেজ সংক্রান্ত বিষয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, এই বিষয় নিয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এসব তথ্য দেন। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র ওয়েবসাইট বা ব্রাউজারের মাধ্যমে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি সরকারের নজরদারিতে রয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী আরও জানান, এসব অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আরও আলোচনা হচ্ছে।
এ সময় তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা এবং নীতিমালা নিয়েও কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানে একটি সুনির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন।

