আঞ্চলিক বিভিন্ন সংঘাত শান্তিপূর্ণ উপায়ে সমাধানে পাকিস্তানের সক্রিয় উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টার উচ্চ প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার (৭ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) দেশটির চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়, সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী লড়াই ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাকিস্তানি শান্তিরক্ষীদের অব্যাহত আত্মত্যাগ ও পেশাদারিত্বের প্রতি শ্রদ্ধা জানান জাতিসংঘ মহাসচিব। এ ছাড়া কাশ্মীর সংকট, ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার বিষয়টি এবং আফগানিস্তান সীমান্ত থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ নিয়েও মতবিনিময় হয়। সেনাপ্রধান আসিম মুনির আন্তর্জাতিক শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পাকিস্তানের সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এর আগে ইসলামাবাদে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপের ক্ষেত্র তৈরি, ইসলামাবাদ সমঝোতা স্মারক প্রণয়ন এবং পরবর্তী যুদ্ধবিরতির রূপরেখা নির্ধারণে পাকিস্তান যে অবদান রেখেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
বিশ্বব্যাপী চলমান বিভাজন ও ভূরাজনৈতিক মেরুকরণের এই কঠিন সময়ে একতরফা নীতির বিপরীতে বহুপাক্ষিকতা, সংলাপ ও মধ্যস্থতাকারী কূটনীতির গুরুত্বের ওপর জোর দেন গুতেরেস। পাশাপাশি সন্ত্রাসবাদের ভয়াবহ শিকার হয়ে হাজারো প্রাণ হারানোর পরও পাকিস্তানি জনগণের ঘুরে দাঁড়ানোর অদম্য সংকল্পকে সাধুবাদ জানান তিনি।

