দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ অবস্থায় এসব অঞ্চলের অভ্যন্তরীণ নৌপথ ও সংশ্লিষ্ট নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্কসংকেত প্রদর্শন করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সংশ্লিষ্ট নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

