দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ সরকারকে আগে থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। দেশটির গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে বাংলাদেশ কর্তৃপক্ষ। এরপর ঘটনার প্রকৃত কারণ ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির পূর্ণ পরিচয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং বিচারপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ কনস্যুলেটের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ওই দুই ব্যক্তিকে আটক করা থেকে শুরু করে আদালতে বিচার এবং পরবর্তী সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত কোনো পর্যায়েই বাংলাদেশ মিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি সৌদি কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পরই বাংলাদেশ বিষয়টি জানতে পারে।

তিনি আরও জানান, সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত সংবাদে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা হলেও তাদের পরিচয় নিশ্চিত করার মতো প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি। বিশেষ করে পাসপোর্ট নম্বর, আকামা বা বসবাসের অনুমতিপত্র এবং নাগরিকত্বসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে তাদের প্রকৃত পরিচয় শনাক্ত করতে এবং পুরো ঘটনা সম্পর্কে নিশ্চিত হতে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।

এর আগে বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদনে তাদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার বলে উল্লেখ করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে তদন্ত ও বিচারিক কার্যক্রমের মাধ্যমে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় বলে দাবি করে সৌদি কর্তৃপক্ষ। এরপর আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়।

তবে অভিযুক্ত ব্যক্তিরা ঠিক কোন ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং কী পরিস্থিতিতে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রকাশিত বিবৃতিতে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ অবস্থায় মৃত্যুদণ্ড কার্যকরের পেছনের কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং বিচারিক প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে সৌদি সরকারের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।