ধর্ম, বর্ণ, পেশা ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার সম্পূর্ণ সমান এবং কোনো একটি সম্প্রদায়কে পেছনে ফেলে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে জানান, সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্রের কাছ থেকে সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের সমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর কুমারপাড়ায় অবস্থিত ঐতিহাসিক ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জন্মগ্রহণকারী এবং এ দেশের আলো-বাতাসে বেড়ে ওঠা প্রত্যেক মানুষকে পূর্ণ নাগরিক হিসেবে বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি উল্লেখ করেন, একজন মানুষ যে ধর্মের, যে পেশার কিংবা যে জাতিসত্তারই হোন না কেন, নাগরিক হিসেবে তাঁর অধিকার ও মর্যাদায় কোনো তারতম্য হতে পারে না। বাংলাদেশি পরিচয়ই আমাদের সবার অভিন্ন জাতীয় সত্তা। তিনি বলেন, “এই বাংলাদেশে আমরা জন্মেছি, এখানেই বড় হয়েছি এবং এখানেই আমাদের সন্তানরা বেড়ে উঠবে। কাজেই কোনো বিভেদ নয়, সবাইকে একসঙ্গে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাদের কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।” জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে রংপুর পর্বের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি কুমারপাড়ার ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে পৌঁছান। সেখানে উপস্থিত হলে মন্দির পরিচালনা কমিটি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান। পরে মন্দির প্রাঙ্গণে সনাতন সম্প্রদায়ের সুধীজনদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে একটি স্থায়ী পূজা উদযাপন ফান্ড গঠন এবং সনাতনীদের কল্যাণে মন্দির স্থাপনের বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে চলতি শারদীয় দুর্গাপূজায় দেশব্যাপী সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও বর্ধিত আর্থিক অনুদান বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দ।

রাজশাহীর রাধা গোবিন্দ ধর্মসভা পরিদর্শন ও বক্তব্য প্রদান শেষে বিকেলে পুনরায় শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানযোগে তিনি বন্দরনগরী চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে এটিই ছিল তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক রাজশাহী সফর।