চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা নস্যাৎ হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাহারছড়া ইউনিয়ন পরিষদের আওতাধীন সরকারি পুকুরে ভারী ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছ ধরে নেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। বর্তমানে পুকুরটি সম্পূর্ণ প্রশাসনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার আজিমের নেতৃত্বে একদল লোক সরকারি ওই পুকুরে একাধিক ওয়াটার পাম্প স্থাপন করে পানি শুকিয়ে মাছ আহরণের উদ্যোগ নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় সচেতন বাসিন্দারা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীনকে অবগত করেন। খবর পেয়ে ইউএনও দ্রুত সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়কে ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান। তবে প্রশাসনের গাড়ি ও কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাছ লুটের চেষ্টায় জড়িত ব্যক্তিরা দ্রুত যন্ত্রাংশ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাঁদের মতে, স্থানীয়দের সতর্কতা ও প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগের ফলেই সরকারি সম্পদ রক্ষা পেয়েছে। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বিএনপি নেতা দেলোয়ার আজিম দাবি করেছেন, পুকুর থেকে মূলত সেচের জন্য পানি নেওয়া হচ্ছিল, সরকারি পুকুরের মাছ লুটের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন জানান, মাছ লুটের সংবাদ পাওয়া মাত্রই প্রশাসন সেখানে অভিযান চালায় এবং কর্মকর্তারা পৌঁছালে জড়িতরা পালিয়ে যায়। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই সরকারি সম্পদ বেহাত হতে দেওয়া হবে না। সরকারি নির্ধারিত বিধিমালা অনুসরণ করে দ্রুত উন্মুক্ত নিলামের মাধ্যমে পুকুরের মাছ বিক্রি করা হবে এবং প্রাপ্ত সমুদয় অর্থ সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।