সৌদি আরবে নজিরবিহীনভাবে সাইবার অপরাধ ও ব্যভিচারের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ‘গোপনীয়’ প্রতিবেদন পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। গত রোববার (১৮ অক্টোবর) প্রেরিত ওই কূটনৈতিক নথিতে জানানো হয়েছে, গত ১৪ অক্টোবর মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ইসলাম আব্দুল বশির এবং সুইটি আক্তার পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি ছিলেন। তবে তাঁদের মৃত্যুদণ্ডের বিষয়টি সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিংবা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আগে থেকে কোনোভাবেই অবহিত করেনি।
জেদ্দা কনস্যুলেটের শ্রম উইংয়ের পাঠানো নথি অনুযায়ী, নিহত দুজনই সৌদি আরবের ‘আল মাজাল কোম্পানিতে’ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ১ আগস্ট সাইবার অপরাধ আইনে নজরুলকে এবং তার পরদিন ব্যভিচারের অভিযোগে সুইটি আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে নজরুল জেদ্দা সংশোধনাগারে এবং সুইটি জেদ্দা মহিলা কারাগারে বন্দি ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর কনস্যুলেটের হাতে আসা ৯৭ জন বন্দির হালনাগাদ তালিকায় এই দুজনের নাম থাকলেও তাঁদের অপরাধের বিবরণী কিংবা মৃত্যুদণ্ডের সাজার কলামটি সম্পূর্ণ ফাঁকা ছিল। ফলে তাঁদের যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল, সে বিষয়ে বাংলাদেশ মিশন সম্পূর্ণ অন্ধকারে ছিল।
নথিতে আরও উল্লেখ করা হয়, সৌদি আরবের বিচারিক ইতিহাসে ইতিপূর্বে সাইবার আইন বা ব্যভিচারের অভিযোগে কোনো বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো দৃষ্টান্ত নেই। বর্তমানে দেশটির পশ্চিমাঞ্চলের কারাগারগুলোতে ৩০৬ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন মেয়াদে বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ১৪৭ জনের কারাদণ্ডের মেয়াদ এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত। এমনকি অতীতে সাইবার অপরাধের তিনটি আলাদা মামলায় সর্বোচ্চ ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার রেকর্ড রয়েছে। দূতাবাসকে সম্পূর্ণ এড়িয়ে হঠাৎ এমন চরম দণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেদ্দাস্থ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র (‘নোট ভার্বাল’) পাঠিয়ে মামলার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি এবং বিচারিক প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ তলব করা হয়েছে। রায়ের কপি হাতে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

