ইসরায়েলের আসন্ন জাতীয় সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়তে যাওয়া বেনিয়ামিন নেতানিয়াহুকে আনুষ্ঠানিক ও প্রকাশ্য সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন এ নির্বাচনে কোনো পক্ষকে সমর্থন দেবেন না বলে জানিয়ে এলেও শেষ মুহূর্তে নিজের আগের অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী এবং শান্তির জন্য আরও বড় অংশীদার’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং তেহরান নিজেদের অবস্থান দ্রুত না বদলালে শিগগিরই অভিযান পুরোপুরি সম্পন্ন করা হবে।
ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েল যদি বেনিয়ামিন নেতানিয়াহু ছাড়া অন্য কাউকে নিজেদের নেতা হিসেবে নির্বাচিত করে, তবে যুক্তরাষ্ট্রকে একাই ইরানকে প্রতিহত করার দায়িত্ব নিতে হবে, যাতে ওয়াশিংটনের কোনো আগ্রহ নেই। তিনি ইসরায়েলি ভোটারদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, এই সমর্থনকে নেতানিয়াহুর প্রতি তাঁর পূর্ণ ও নিঃশর্ত সমর্থন হিসেবে গণ্য করা উচিত।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজের সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে, বিপরীতে নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যেতে পারে ৫১টি আসন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর নির্বাচনী প্রচার যখন তীব্র চাপের মুখে, তখন ট্রাম্পের এই বার্তা তাঁর জন্য এক বড় ‘রাজনৈতিক উপহার’। যুক্তরাজ্যের গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক সানাম ভাকিল মনে করেন, এই সমর্থন নেতানিয়াহুকে তুলে ধরার সুযোগ দেবে যে ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে তিনিই একমাত্র অপরিহার্য ব্যক্তি। তবে লন্ডনের কিংস কলেজের প্রভাষক আন্দ্রেয়াস ক্রিগ সতর্ক করে বলেন, শুধু এই সমর্থনের ওপর ভর করে নেতানিয়াহুর জোট নিশ্চিত সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে—এমনটি ভাবা ভুল হবে। কারণ ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা ও অভ্যন্তরীণ বিরোধের মতো কাঠামোগত দুর্বলতা এখনো ভোটারদের মধ্যে রয়ে গেছে।
এদিকে ট্রাম্পের এই বিবৃতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করে বলেছেন, নিজের বিচার ও কারাদণ্ড এড়াতেই যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানে আবার নতুন করে হামলা শুরুর পাঁয়তারা করছেন নেতানিয়াহু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে হামলার পরও ইরান আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে, সুতরাং ওয়াশিংটন ও তেল আবিব নতুন কোনো হঠকারিতা করলে তার পরিণতি শুভ হবে না। হরমুজ প্রণালির নৌ অবরোধ তুলে নেওয়া এবং বাণিজ্য স্বাভাবিক করার বিষয়ে তেহরানের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি। অন্যদিকে বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করছেন যে, নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন সামরিক অভিযান শুরু হতে পারে।
সূত্র: আলজাজিরা

