জাহাজ চলাচল ও পণ্য পরিবহনবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৮ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট দিয়ে দৈনিক গড়ে ২ কোটি ৪৫ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি হয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত তেল এবং অঞ্চলটির বিকল্প পথ ব্যবহার করে পাঠানো চালানও রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে, অর্থাৎ ইরান যুদ্ধ শুরুর ঠিক আগে, এই রপ্তানির পরিমাণ ছিল দৈনিক ২ কোটি ৪৪ লাখ ব্যারেল। যুদ্ধ শুরুর আগে-পরের এই হিসাবটিতে ইরানের তেল রপ্তানি অন্তর্ভুক্ত করা হয়নি।

কেপলারের হিসাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচল, ওমান উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর, ফুজাইরাহ ও ওমানের বন্দর থেকে তেল পরিবহন এবং লোহিত সাগর দিয়ে রপ্তানি—সব মিলিয়ে মোট সরবরাহের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তবে জাহাজের চলাচল ও প্রণালি অতিক্রমের সময়ের ওপর ভিত্তি করে এ হিসাব পরিবর্তিত হতে পারে।