এইচএসসি ও সমমান পরীক্ষায় এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতু্য়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে যারা এক-দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর নেওয়া হবে। ২৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ ৫১ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে পাস করেছেন ৬১ দশমিক ০৭ শতাংশ।

 জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। শুধু ইংরেজি ও আইসিটি বিষয়ে ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন।

ফল বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ইংরেজি বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।