২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। এদিকে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় পূর্বনির্ধারিত ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।
ভর্তি সংক্রান্ত নোটিশ অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
শিক্ষার্থীদের দেওয়া পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশের কথা রয়েছে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলবে।
একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ নিয়েও পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল।
তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ওই দিন ক্লাস শুরু হচ্ছে না। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে নতুন ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসরণ করে শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে। এ ক্ষেত্রে আলাদা কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীদের ২২০ টাকা ফি দিতে হয়েছে।
নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দের তালিকায় রাখতে পেরেছেন। আবেদনকারীদের ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগও দেওয়া হয়েছিল।
নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের সময় বোর্ডের নির্ধারিত মোট ৩৪০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, রোভার বা রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি ১০০ টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিতে কিংবা নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। একইভাবে অনুমোদন নেই এমন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি কিংবা এমপিওভুক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
