রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং সর্বশেষ সেখানে অবস্থান করছিল।

ওসি জানান, ওই এলাকায় আগে দুটি বস্তি ছিল। আনুমানিক ১৭ কাঠা জমি নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। হামলা ও ভাঙচুরের শিকার জমিটি নিজেদের বলে একাধিক পক্ষ দাবি করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আলম নামে এক প্রবাসী দেশের বাইরে রয়েছেন। জমিটি তার দখলে ছিল। সেখানে থাকা দুটি বস্তির মধ্যে একটি তিনি আগেই দখলমুক্ত করেন। এরপর জমিটি খালি অবস্থায় ছিল।

ওসি আব্দুল হালিম বলেন, অন্য একটি পক্ষ খালি জমিটি দখলে নেওয়ার চেষ্টা করায় বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হামলা ও ভাঙচুর কারা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, ওই এলাকায় একাধিক পক্ষেরই জমি রয়েছে। জমির মালিকানা বা দখলসংক্রান্ত বিষয়ে পুলিশ সরাসরি পদক্ষেপ নিতে পারে না। তবে এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ঘটনার পর এলাকায় পুলিশ অবস্থান নিয়েছে বলে জানান ওসি।