রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
ঘটনাস্থল পরিদর্শনের পর ডিএমপি কমিশনার বলেন, পুরো ঘটনাটি আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে ঘটানো সম্ভব নয় বলে তার মনে হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি দেখে তার ধারণা, ভবনটি গুঁড়িয়ে দেওয়ার কাজটি সময় নিয়ে করা হয়েছে। বিশেষ করে ভবনের দুই পাশের টিনশেড ক্ষতিগ্রস্ত ও ভাঙচুর করা হয়েছে। ভবনের বিভিন্ন স্থানেও ভাঙচুরের আলামত পাওয়া গেছে বলে জানান তিনি।
ঘটনায় জড়িতদের বিষয়ে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ থাকা একজনসহ আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পুলিশের গাফিলতি ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, গভীর রাতে সংঘটিত এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। খবর পাওয়ার পর পুলিশ কত দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিল এবং পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে এডিসি দারুস সালামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে শনিবারের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। তদন্তে কোনো পুলিশ সদস্যের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন ডিএমপি কমিশনার।
রাজধানীতে যেকোনো ধরনের দখল ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, পুলিশের বার্তা স্পষ্ট। অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক দল বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। আইনবহির্ভূত ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

