বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৩২তম স্থান অর্জন করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী বক্তা ও তাবলিগ জামাতের আলমী শুরার অন্যতম মুরুব্বি মাওলানা তারিক জামিল। বিশ্বব্যাপী তাঁর ধর্মীয় দাওয়াত, ইসলামী শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডের প্রভাবের স্বীকৃতি হিসেবে তাঁকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (RISSC) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক প্রকাশনায় বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকা তুলে ধরা হয়েছে।

মাওলানা তারিক জামিল পাকিস্তানের একজন সুপরিচিত ইসলামী বক্তা ও ধর্মীয় ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের দাওয়াত, আত্মশুদ্ধি, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতির বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন। তাঁর বক্তব্য বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

বিশেষ করে তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের শিক্ষা প্রচারে ভূমিকা তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক ও অন্যান্য প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বকে নিয়ে এ তালিকা প্রকাশ করা হয়। মুসলিম বিশ্বের ওপর তাঁদের প্রভাব, নেতৃত্ব, কর্মকাণ্ড ও অবদান বিবেচনায় নিয়ে তালিকাটি প্রণয়ন করা হয়েছে।

তালিকায় মাওলানা তারিক জামিলের ৩২তম অবস্থান আন্তর্জাতিক পরিসরে তাঁর ধর্মীয় ও দাওয়াতি প্রভাবের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।