বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে শীর্ষ দশে স্থান পেয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি। এবারের তালিকায় তাঁর অবস্থান সপ্তম। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই তালিকায় তাঁকে ‘মুফতি ও শীর্ষস্থানীয় ইসলামী স্কলার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ইসলামবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইসলামঅনওয়েব’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক প্রকাশনার ২০২৭ সালের ১৮তম সংস্করণে মুফতি তাকি উসমানির অবস্থান সপ্তম বলে নিশ্চিত করা হয়েছে। প্রকাশনাটির ওয়েবসাইটে প্রকাশিত তাঁর ব্যক্তিগত পরিচিতিতেও এই অবস্থান উল্লেখ রয়েছে। এর আগে ২০২৬ সালের সংস্করণে তিনি দ্বিতীয়, ২০২৫ সালে ষষ্ঠ এবং ২০২৪ সালে অষ্টম স্থানে ছিলেন।
প্রকাশনাটিতে মুফতি তাকি উসমানিকে হাদিস, ইসলামী আইনশাস্ত্র (ফিকহ) ও ইসলামী অর্থনীতির একজন প্রভাবশালী বৈশ্বিক স্কলার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে দেওবন্দি ধারার ইসলামী শিক্ষার অন্যতম প্রধান বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্ব হিসেবেও উল্লেখ করা হয়েছে।
১৯৪৩ সালের ৫ অক্টোবর ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। তিনি পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মাওলানা মুফতি মুহাম্মদ শফির সন্তান, যিনি করাচির জামিয়া দারুল উলুম প্রতিষ্ঠা করেন। তাকি উসমানি দারুল উলুম করাচি থেকে ইসলামী শিক্ষায় উচ্চতর বিশেষায়িত ডিগ্রি অর্জনের পাশাপাশি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতকোত্তর এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন।
হাদিস, ফিকহ, অর্থনীতি ও তাসাউফে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তাকি উসমানি ১৯৫৯ সাল থেকে ইসলামী শিক্ষার বিভিন্ন শাখায় পাঠদান করে আসছেন। ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) অঙ্গপ্রতিষ্ঠান জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির স্থায়ী সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং খাতেও তাঁর অসামান্য অবদান রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের একাধিক ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ তত্ত্বাবধায়ক বোর্ডের চেয়ারম্যান বা সদস্য হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের (এএওআইএফআই) ইন্টারন্যাশনাল শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া করাচির জামিয়া দারুল উলুমের মহাপরিচালক এবং পাকিস্তানের মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতির দায়িত্বও পালন করছেন মুফতি তাকি উসমানি। আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় তাঁর ৬০টির বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তিনি মাসিক উর্দু সাময়িকী ‘আলবালাগ’ ও ইংরেজি সাময়িকী ‘আলবালাগ ইন্টারন্যাশনাল’-এর প্রধান সম্পাদক।
আরআইএসএসসি জানিয়েছে, ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মূল্যায়নে সামাজিক বিভিন্ন সূচক, জনমত ও বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করা হয়েছে এবং ব্যক্তির সামগ্রিক জীবনের অবদানকে চলতি বছরের অর্জনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকাশকদের মতে, এ তালিকায় অন্তর্ভুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির মতামতের প্রতি সমর্থন নয়, বরং মুসলিম বিশ্বে তাঁর প্রভাবের মূল্যায়ন।

