বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের তালিকায় বাংলাদেশ থেকে আরও জায়গা পেয়েছেন দুই নারী—প্রখ্যাত মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা।
প্রকাশিত তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে রাখা হয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। এর মধ্য দিয়ে দলটি আবারও রাষ্ট্রক্ষমতায় ফেরে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ থেকে তালিকায় স্থান পাওয়া অন্য দুই ব্যক্তিত্ব ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের একজন প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের কাজের স্বীকৃতিতে তিনি নিয়মিত এই তালিকায় স্থান পাচ্ছেন। অন্যজন হলেন আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা, যিনি রোহিঙ্গা সংকট এবং শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজের জন্য আন্তর্জাতিক পরিসরে বিশেষভাবে পরিচিত।
উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম নেই।
আরআইএসএসসি-র তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রতি বছর এই তালিকা তৈরি করা হয়। তালিকায় কেবল শীর্ষ ৫০ ব্যক্তিকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয় এবং বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রম ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিন ব্যক্তিত্বই ক্রমানুসারবিহীন ওই ৪৫০ জনের তালিকায় রয়েছেন।

