জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ (COP31)-এর লিডার্স সামিটের দ্বিতীয় দিনে বুধবার (১১ নভেম্বর ২০২৬) তুরস্কের আনতালিয়ায় অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের মূল অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি এদিন তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি ও প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচিতে চীন ও উজবেকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই দুই দ্বিপক্ষীয় বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বিশ্বনেতাদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেবেন তিনি। পরবর্তীতে দুপুর ২টায় উচ্চপর্যায়ের অধিবেশনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
দ্বিপক্ষীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে সম্মেলনস্থলের বিআর-১২ নম্বর কক্ষে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় সম্মেলনস্থলের বিআর-০৩ নম্বর কক্ষে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।
এছাড়া বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘শূন্য বর্জ্য (জিরো ওয়েস্ট), সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ’ বিষয়ক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের টেকসই পুনর্ব্যবহার এবং মিথেন নিঃসরণ হ্রাসে বাংলাদেশের কৌশলগত অবস্থান তুলে ধরবেন তিনি।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সম্মেলনস্থলের গ্রিন জোনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের দেওয়া আনুষ্ঠানিক নৈশভোজে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

