তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি তুরস্ক সফরের দ্বিতীয় দিন বুধবার (১১ নভেম্বর) সকালেই তিনি মূল সম্মেলনস্থলে যোগ দেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বুধবার রাতে আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে রূপান্তরমূলক (ট্রান্সফরমেটিভ) হিসেবে বিবেচনা করছেন বিভিন্ন দেশের বিশ্বনেতারা। তিনি বলেন, প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক নেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বুধবার দিনভর কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। পাশাপাশি ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকগুলোর আলোচ্য বিষয় তুলে ধরে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা জানান। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন লন্ডনে অবস্থানের সূত্রে লন্ডনের মেয়র আগ্রহ প্রকাশ করায় তাঁর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।