রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের সীমানা দেয়াল সংলগ্ন স্থান থেকে দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধারের ঘটনায় পুরো নগরীর গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও গ্রেনেডগুলো সেখানে কারা রেখেছিল, সে বিষয়ে এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১টার দিকে শাহমখদুম বিমানবন্দরের প্রবেশমুখের ডানদিকে বাউন্ডারি ঘেঁষা ফুলগাছের মধ্যে এক পথচারী গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পান। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বায়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে ফোনে জানান। এএসআই পলাশ দ্রুত বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামকে অবহিত করলে নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের প্রধান প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। এ সময় বিমানবন্দরের ভেতরে অবস্থানরত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, এই ঘটনার কয়েক মিনিট আগেই জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তাঁর সফরসঙ্গী কর্মকর্তারা বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করেন। গ্রেনেড উদ্ধারের পর কিছু সময় অপেক্ষা করে বিকল্প পথে মন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিরাপদে বিমানবন্দর থেকে বাইরে বের করে নেওয়া হয়। ওই দিন বিকেলেই বোমা নিষ্ক্রিয়করণ দল রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া বিলের মধ্যে নিয়ে উদ্ধারকৃত গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করে এবং ফরেনসিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে।

বিমানবন্দরের মতো স্পর্শকাতর (কেপিআই) স্থাপনার পাশে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ওই দিন রাতেই বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ হাকাম বাদী হয়ে আরএমপির এয়ারপোর্ট থানায় বিস্ফোরক আইনে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল ইসলাম।

তদন্তের অগ্রগতি সম্পর্কে এসআই মাহফুজুল ইসলাম জানান, ঘটনাস্থলটি রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংলগ্ন বিমানবন্দরের দেয়াল ঘেঁষা ফুলগাছের ভেতরে। মহাসড়কের বিপরীতে ছোটখাটো কিছু দোকান থাকলেও সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আবার বিমানবন্দরের ভেতরের তল্লাশি ফটকের ওপরের ক্যামেরা থেকেও বাইরের ঘটনাস্থলের স্পষ্ট ভিডিওচিত্র পাওয়া যাচ্ছে না। ফরেনসিক প্রতিবেদন হাতে পেলে গ্রেনেডগুলোর বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক যোগেশ চন্দ্র সরকার বলেন, বিমানবন্দরের বহিরাঙ্গনের নিরাপত্তায় এপিবিএন সদস্যরা সবসময় নিয়োজিত থাকেন। কোনো মহলের বড় কোনো নাশকতার ছক ছিল কি না, তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। ঘটনার পর থেকে বিমানবন্দরের ভেতরে ও বাইরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

এ বিষয়ে শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দুপুরে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর গায়ে কোনো লেখা বা মার্কার না থাকায় সেগুলো কোন দেশের তৈরি, তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তাব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অপরাধ প্রতিরোধে নগরীর প্রবেশদ্বার ও জনাকীর্ণ সড়কগুলোতে আরএমপির নিজস্ব উদ্যোগে পুনরায় সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।