জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান এবং এ বিষয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ভারতে নির্বাসিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হলেও বাংলাদেশের বর্তমান আইনি ও রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে ভারতের দিল্লিতে স্বেচ্ছানির্বাসনে অবস্থান করছেন শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।
দ্য গার্ডিয়ানের তথ্যমতে, চলতি সপ্তাহে শেখ হাসিনার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে চিঠি পাঠিয়েছেন। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতার দাবি, পাসপোর্ট না পেলে দেশে ফেরার পথ তৈরি করতে তিনি ট্রাভেল পাসের জন্যও আবেদন করবেন। এরই মধ্যে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দলের কয়েকজন নেতা গোপনে দেশে ফিরেছেন বলেও দাবি করা হয়। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা এপিকে পাঠানো এক ই-মেইলে শেখ হাসিনা উল্লেখ করেন, “মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চাই।”
তবে শেখ হাসিনার পাসপোর্ট আবেদন ও দেশে ফেরার পরিকল্পনাকে সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাফ জানিয়ে দেন, একজন সাজাপ্রাপ্ত পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীকে কোনোভাবেই পাসপোর্ট দেওয়া হবে না। তিনি বলেন, “হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। দেশে ফিরতে চাইলে তাঁকে ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় ফিরতে হবে।” অন্যদিকে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানিয়েছেন, আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে দেশে ফিরলে শেখ হাসিনাকে সরাসরি মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে।
রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া কোনো সরকার অনুশোচনা ছাড়া ফিরে আসার নজির ইতিহাসে নেই; দেশে অস্থিরতা সৃষ্টির জন্যই এসব অপপ্রচার ছড়ানো হচ্ছে। একই সুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, এটি কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মীদের চাঙা করার একটি রাজনৈতিক ‘স্টান্টবাজি’ মাত্র; হাসিনা ফিরতে চাইলে দেশের জনগণই তা প্রতিহত করবে।
সূত্র: দ্য গার্ডিয়ান

